টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের এক শিশুকে ধর্ষণ করার অপরাধে লিয়াকত আলী (৫৮) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ ১০ বছরের ওই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে একই গ্রামের দণ্ডিত আসামি লিয়াকত আলী বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানার পর তার দাদা ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক ১৩ জুলাই আসামি লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।