গোপালগঞ্জে গরম বাতাসে প্রায় ১১ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জেলায় মোট আবাদের ছয় ভাগ। এতে লোকসানের মুখে পড়েছেন প্রায় ৪১ হাজার চাষী। হিট শকে চলতি বোরো মৌসুমে জেলার ৪১ হাজার কৃষকের ১০ হাজার ৭৫ হেক্টর জমিতে প্রায় ৯০ কোটি ৪১ লাখ টাকার ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গোপালগঞ্জে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। জেলায় আবাদ হয়েছে ৭৮ হাজার ৭১৫ হেক্টর। কিন্তু ৪ এপ্রিল রাতে গোপালগঞ্জের ওপর দিয়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী বয়ে যায় গরম বাতাস। তখন ছিল ধানের ফ্লাওয়ারিং অবস্থা। এতে জেলার পাঁচ উপজেলার ৪১ হাজার কৃষকের ১০ হাজার ৭৫ হেক্টর ধান আক্রান্ত হয়, যা আবাদের শতকরা ৬ ভাগ। ক্ষতির বাজারমূল্য প্রায় ৯০ কোটি ৪১ লাখ টাকা। চলতি মাসে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার ওপর দিয়ে গরম বাতাস প্রবাহিত হয়। এতে সবুজ ধানগাছ ফ্যাকাশে হয়ে যায়।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায় জানান, ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্য থেকে ২২ হাজার ৬০০ দরিদ্র ও প্রান্তিক কৃষকের তালিকা করা হয়েছে। তালিকা সংশ্লিষ্ট বিভাগে আর্থিক প্রণোদনার জন্য পাঠানো হয়েছে। সরকার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের হাতে এ সহায়তা পৌঁছে দেবে।