সংযুক্ত আরব আমিরাতে চলমান উইমেন্স টি২০ বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে আজ বাংলাদেশের সামনে থাইল্যান্ড। এই ম্যাচে জিতলেই বাংলাদেশ জায়গা করে নেবে আগামী বছর অনুষ্ঠেয় নারী টি২০ বিশ্বকাপের মূল পর্বে।
এর আগে বুধবার রাতে টানা তৃতীয় জয়ে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। ওইদিন যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারায় নিগার সুলতানার দল। সহজ এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বুধবার সেমিফাইনালে খেলা নিশ্চিত করে থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। আজ বিকাল ৫টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্সআপ আয়ারল্যান্ড ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে, রাত ৯টায় ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপ রানার্সআপ থাইল্যান্ড। আজ জিতলেই ২০২৩ সালের টি২০ বিশ্বকাপের টিকিট পাবেন নিগার সুলতানা, সালমা খাতুনরা।
চলতি বাছাই পর্বে রানে ও উইকেটে শীর্ষে দুজন বাংলাদেশ ও থাইল্যান্ডের। বাংলাদেশ দলনায়ক নিগার সুলতানা জ্যোতি করেছেন সর্বোচ্চ ১৫৭ রান, গড় ৭৮ দশমিক ৫০। আর ৩৫ বছর বয়সী থাই অফস্পিনার নাত্তায়া বুচাথাম নিয়েছেন সর্বোচ্চ ৭ উইকেট, গড় ৮.০০।
বাছাই পর্বে অংশ নেয়া আট দলের মধ্যে দুই ফাইনালিস্ট পাবে বিশ্বকাপের টিকিট। এখন লড়াইটা চার দলের মধ্যে সীমিত হয়ে এসেছে। আজ যে দুটি দল জয়লাভ করবে তারাই যাবে দক্ষিণ আফ্রিকায়। উল্লেখ্য, আটটি দল সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা আসরে।










