দুর্গা পূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস। ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ। একই সঙ্গে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিনের অবকাশ পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গা পূজা উপলক্ষে ২০-২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ফলে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়।
দীর্ঘ ছুটির পর আজ থেকে সচিবালয়সহ সরকারি দপ্তরগুলোয় নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কর্মচাঞ্চল্য ফিরবে অফিসপাড়ায়। ছুটির কারণে জমে থাকা দাপ্তরিক কাজও আবার গতি পাবে বলে আশা।
তবে জরুরি সেবার আওতাভুক্ত কার্যক্রম ছুটির মধ্যেও চালু ছিল। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং হাসপাতালসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতামুক্ত ছিলেন। এদিকে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কার্যক্রমও বন্ধ ছিল। ছুটি শেষে আজ থেকে এসব প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।










