সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়েসহ তিনজন, গাইবান্ধা, রাজবাড়ী, ঝালকাঠি ও ফরিদপুরে একজন করে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :
ব্রাহ্মণবাড়িয়া: সিলেট-চট্টগ্রাম মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে মহাসড়কের সদর উপজেলার সুহিলপুরে ও গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজ বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসী আক্তার (২০) এবং কিশোরগঞ্জের নান্দাইলের বাসিন্দা চালক মঈন মিয়া (২৬)।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, ভোর ৫টার দিকে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক্টর সদর উপজেলা থেকে সরাইল উপজেলার উদ্দেশে রওনা হয়। চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুরে পেছন দিক থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কার বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক্টরকে ধাক্কা দেয়। এ সময় একাধিক বৈদ্যুতিক খুঁটি প্রাইভেট কারের ভেতরে ঢুকে যায়। এতে প্রাইভেট কারে থাকা মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ গিয়ে নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে আঞ্চলিক সড়কে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট গাইবান্ধা আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজিচালক আব্দুস সামাদ মণ্ডল (৬০) ঘটনাস্থলেই মারা যান। আব্দুস সামাদ মণ্ডল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব।
রাজবাড়ী: জেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মকুল বিশ্বাস (৫০)। সে রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বিনী কুমার বিশ্বাসের ছেলে। নিহত মকুলের বন্ধু ও প্রত্যক্ষদর্শী মান্নান মুন্সী বলেন, ‘ভাড়ার প্রাইভেট কারে মকুল বিশ্বাস সকালে পাংশা থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এলে পেছনে থাকা বিদ্যুতের খুঁটিবোঝাই একটি লরি ওই প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে মকুল হালদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজবাড়ী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি: ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সুমন দেবনাথ (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ঝালকাঠি শহরের ভিআইপি রোডের জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি টিভিএস শোরুমের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
ফরিদপুর: জেলায় সড়ক দুর্ঘটনায় ইয়াকিম মোল্লা (৩০) নামক এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকালে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। সে কোতোয়ালি থানার ধোপাকান্দি গ্রামের আক্কাস মোল্লার ছেলে।










