কুমিল্লা রেঞ্জের ৯৬ আনসার সদস্যকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ব্যারাক ছেড়ে ঢাকায় বেআইনিভাবে সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে এ সুপারিশ করা হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।
রাশেদুজ্জামান বলেন, ‘আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার পরও অনেকে অতি উৎসাহী হয়ে সচিবালয় ঘেরাও করেছে। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। তাদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেয়া হবে।’
তিনি বলেন, ‘কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসার সদস্যও রয়েছে।’










