নেপালের চলমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে, পাশাপাশি নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের (৯ সেপ্টেম্বর) ঢাকা-কাঠমান্ডুগামী ফ্লাইট বাতিল করা হয়েছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঢাকা- কাঠমান্ডু রুটের ফ্লাইট আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ফ্লাইট পরিচালনা সম্পর্কিত পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের জানিয়ে দেয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। নেপালগামী যাত্রীরা ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে যোগাযোগ করতে পারবেন।










