দেশে ডেঙ্গু ও হাম উপসর্গে নতুন করে তিন শিশুসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে এতে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ ভাইরাস জ্বরে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২-তে। নতুন করে ২ হাজার ৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন ও ময়মনসিংহে একজন। আর চলতি বছর মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। অক্টোবরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৭ জন।

এদিকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন।

চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০২ জনের। সে হিসাবে হামে মোট ১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। আরা সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।