আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সরকার থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাওয়ার পরই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, তিনি এখনো প্রধান উপদেষ্টার বক্তব্য শোনেননি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানালে কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
ইসি কর্মকর্তারা জানান, একই দিনে দুটি ভোট আয়োজন করা হলে ব্যয় প্রায় দুই-তৃতীয়াংশ কমানো সম্ভব। আলাদা করে আয়োজনের পরিবর্তে একই কেন্দ্রে অতিরিক্ত কক্ষ ও ব্যালট যুক্ত করলেই ভোট গ্রহণ সম্ভব হবে। এতে ব্যালট বক্স ও ভোটকর্মীর সংখ্যা কিছুটা বাড়লেও নতুন করে বড় আয়োজনের দরকার হবে না। তবে গণনায় সময় বেশি লাগতে পারে, যা রাত পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করছেন তারা।
ইসির হিসাব অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। এর সঙ্গে গণভোট যুক্ত হলে আরো ৩ থেকে ৪০০ কোটি টাকা বাড়তে পারে। আর যদি গণভোট আলাদা করে আয়োজন করা হয়, তাহলেও ব্যয় প্রায় একই পরিমাণ হবে বলে ধারণা করছে কমিশন।









