নতুন শিক্ষাক্রম অনুযায়ী, এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দেয়া হলেও সনদ দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি দুটি বিষয়ে একজন শিক্ষার্থী ফেল করে, তাহলে সে পরবর্তী ধাপে উত্তরণ হবে। কিন্তু পূর্ণ সনদ দেয়া হবে না। যে দুটি বিষয়ে সুনির্দিষ্ট মান অর্জন করতে পারেনি বা কৃতকার্য হওয়ার ধাপ অতিক্রম করতে পারেনি, সেই বিষয়ে আবার পরীক্ষা দিয়ে পরবর্তী উচ্চ ধাপের সনদ অর্জন করবে। তবে শিক্ষার্থী যদি ফল ও নম্বরপত্র চায় সেটি তারা পাবে।’
বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে, তারাই প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা দেবে। নতুন শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষার মূল্যায়নের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) করা সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, এসএসসিতে কোনো শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল হলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে পরবর্তী দুই বছরের মধ্যে পাবলিক পরীক্ষায় (এসএসসি) অংশ নিয়ে অনুত্তীর্ণ হওয়া বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে ৭০ শতাংশ কর্মদিবসে উপস্থিত না থাকে, তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না।
এদিকে, আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন।
সেই হিসাবে এবার ২০২৪ সালে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।










