ইউরো চ্যাম্পিয়নশিপে আজ শেষ ষোলোয় ইউরোপের অন্যতম সেরা দল বেলজিয়ামের মুখোমুখি হবে দুইবারের সাবেক ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আজ নকআউটের আরেক ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

জার্মানিতে এবারের আসরে হট ফেভারিট হিসেবেই যাত্রা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। যদিও গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পোল্যান্ডের সঙ্গে পরপর দুই ম্যাচে ড্র করে বসে দিদিয়ের দেশমের দল। অস্ট্রিয়া ম্যাচে নাকে চোট পাওয়ায় ডাচদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলেননি এমবাপ্পে। এ ম্যাচে জেতা হয়নি ব্লুজদের। এর পরও ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। 

অস্বস্তি নিয়ে নকআউটে ওঠা ফ্রান্স আজ পড়তে পারে অগ্নিপরীক্ষায়। সামনে যে ছন্দময় ফুটবল খেলা বেলজিয়াম। কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুরাও নিজেদের সেরা ফর্মটা এখনো খুঁজে পায়নি। স্লোভাকিয়ার কাছে হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে তারা রোমানিয়াকে হারায়। শেষ ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটের টিকিট পেয়ে যায় বেলজিয়াম। আজ তাদের সামনে তারকাখচিত ফ্রান্স। 

গত আসরে কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে ১-২ গোলে হেরে যায় বেলজিয়াম। আর ফ্রান্স শেষ ষোলোয় টাইব্রেকারে হেরে যায় সুইজারল্যান্ডের কাছে। এই সেই শেষ ষোলো রাউন্ড। প্রতিপক্ষও শক্তিশালী। তাই বেশ সতর্ক হয়েই খেলতে হবে ফ্রান্সকে। 

র‍্যাংকিং আর প্রোফাইল দেখে মনে হতে পারে, স্লোভেনিয়ার বিপক্ষে পর্তুগালের কাজটা আজ সহজ হতে পারে। যদিও রোনালদো, ফার্নান্দো সিলভাদের চমকে দেয়ার মতো রসদ আছে দলটির। গ্রুপ পর্বে তিন ম্যাচের কোনোটিতেই তারা হারেনি। তাদের হারাতে পারেনি ডেনমার্ক, ইংল্যান্ড ও সার্বিয়ার কেউই। তিন ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্বে জায়গা করে নেয়। 

পর্তুগাল আবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে ২-০ গোলে হেরে বসেছে। যদিও তুরস্ক ও চেক রিপাবলিককে হারানোয় তাদের নকআউটের টিকিট পেতে সমস্যা হয়নি। এবার স্লোভেনিয়ার বিপক্ষে পরীক্ষা দিতে হবে রবার্তো মার্টিনেজের দলকে। 

এদিকে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। শনিবার রাতে ইতালি বিদায় নিলেও ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে দাপটে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি।