ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এর মধ্যে সাতটি জেলার ১৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। এসব উপজেলায় মোট ১ হাজার ১৫২ জন প্রার্থী। ভোটার ২ কোটি ৮ লাখ ৭৫ হাজার ১৮৪ জন। ভোটের একদিন আগে তিনটি এবং দুদিন আগে ১৯টি উপজেলাসহ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২২টি উপজেলার ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ভোটের একদিন আগে স্থগিত হওয়া তিনটি উপজেলা হচ্ছে—নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা। খালিয়াজুরী উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গতকাল রেমালের প্রভাবে ১৯টি উপজেলার ভোট স্থগিত করা হয়। তার আগে মামলাজনিত কারণে যশোর সদর উপজেলা ও একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে রায়পুর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভাণ্ডারিয়া উপজেলায় ভোট গ্রহণের প্রয়োজন নেই। ফলে তৃতীয় ধাপের নির্বাচনে ঘোষিত তফসিলের ১১২টি উপজেলার মধ্যে ২৫টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ভোট গ্রহণ হতে চলা ৮৭টি উপজেলায় ৩৯৭ জন চেয়ারম্যান, ৪৫৬ জন ভাইস চেয়ারম্যান ও ২৯৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান একজন, ভাইস চেয়ারম্যান চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান সাতজন। 

মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭ হাজার ৪৫০টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫৪ হাজার ৮৯টি। এসব কেন্দ্রে গতকাল ব্যালট পৌঁছানো হয়েছে ৪১৪টিতে এবং ভোটের দিন সকালে ব্যালট পাঠানোর কথা রয়েছে ৭ হাজার ৩৬টি কেন্দ্রে।

এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩৬ দশমিক ১ এবং দ্বিতীয় ধাপে ৩৮ শতাংশ ভোট পড়ায় নির্বাচনে ভোটারদের আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি এবং ভোটের সংখ্যা কম হওয়া নিয়ে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কারণে কেন্দ্রে ভোটার কম আসছে বা ভোট কম পড়ছে বিষয়টি এমন নয়। আমরা সব ধরনের সুবিধা নিশ্চিত করেছি। নির্বাচন কমিশনের দিক থেকে কোনো ঘাটতি নেই।’