যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দল। গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে পারস্পরিক বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ওয়াশিংটন ডিসিতে ৩ মে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’। এতে ২৫ সদস্যের বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট প্রসঙ্গে এর আগে ঢাকার মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, ‘প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের জন্য এটি একটি শীর্ষস্থানীয় আয়োজন, যেখানে ব্যবসায়িক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এগিয়ে নিতে বিদেশী কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ ঘটানো হয়। এ বছরের সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার ২৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন করছে। এতে তুলে ধরা হবে, বৈদেশিক বিনিয়োগ কীভাবে মার্কিন উদ্ভাবন ও প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায় গঠনে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে।’










