সংযুক্ত আরব আমিরাতে চলমান উইমেন্স টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে সেমিফাইনালে নাম লেখাল বাংলাদেশ। গতকাল যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

আগে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। ২০ রানের মাথায় শামীমা সুলতানার উইকেট পতনের পর ১৩৮ রানের বিশাল জুটি গড়েন মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার। মুর্শিদা ৬৪ বলে ৭৭ ও নিগার ৪০ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে সালমা খাতুন ও নাহিদা আক্তারের ঘূর্ণি বলের মুখে ১২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে যুক্তরাষ্ট্র। এরপর সিন্ধু শ্রীহার্সা ও লিসা রামজিত ৯১ রানের একটি জুটি গড়ে হতাশ করেন বাংলাদেশকে। যদিও এ জুটি জেতাতে পারেনি যুক্তরাষ্ট্রকে। ২০ ওভারে ১০৩ রান তুলতে সমর্থ হয় তারা।

সহজ এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনাল জিতলেই মিলবে ২০২৩ সালের টি২০ বিশ্বকাপের টিকিট। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ।

বাছাইপর্বে অংশ নেয়া আট দলের মধ্যে দুই ফাইনালিস্ট পাবে বিশ্বকাপের টিকিট। আর আটটি দল সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা আসরে।