ভবিষ্যতে কালো টাকা জেনারেট করার আর সুযোগ দেয়া হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা বাতিলের যে প্রশ্ন উঠেছে তা নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে।
আজ রোববার
(২৫ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে
মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা
বলেন, বিদ্যমান বাজেট আমাদের ঘোষিত নয়। তাই
এখানে কি ধরনের পরিবর্তন আসবে সেগুলো নিয়ে বসে আলোচনা করতে হবে। জাতিসংঘের বিভিন্ন
সংস্থার সঙ্গে আমরা আমাদের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারাও এসব বিষয়ে
একমত পোষণ করে সহায়তার আশ্বাস দিয়েছে। ঋণ নিতে হবে বেছে বেছে, কারণ বিদেশী ঋণের বোঝাও
বাড়ছে। তাই রাস্তা ছাড়া ব্রিজ করার মতো প্রকল্প আর নেয়া হবে না।
তিনি বলেন,
আমরা সমতাভিত্তিক উন্নয়ন চাই। সাধারণ মানুষের যাতে উন্নতি হয় সেসব বিষয় অগ্রাধিকার
দেয়া হবে। আসন্ন আমনের উৎপাদন নিয়েও তারা কথা বলেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন বাসস্থান
নিয়ম আলোচনা হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটি
নিয়ে আমরা কথা বলেছি। তারা নারী শিশু এবং পুষ্টিসহ অনেক বিষয়ে কাজ করতে চায়। কিন্তু
সবগুলো আলাদা আলাদা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও
কথা বলতে হবে।
সড়কে বিভিন্ন
দাবি দেওয়া নিয়ে চলমান আন্দোলন নিয়ে এ উপদেষ্টা বলেন, অনেকেই দীর্ঘদিন বৈষম্যের
শিকার হয়েছেন। তাই তারা তাদের দাবি উঠাচ্ছে। আমরা সেগুলো শুনছি। সবগুলো হয়তো এখনই
সমাধান করে যাবে না। বিগত সরকারের আমলে হয়তো এসব নিয়ে তারা সরকারের কাছেও ঘেঁষতে
পারত না। এর মধ্যে কিছু দাবি হয়ত সুবিধা আদায়ের জন্যও বলা হচ্ছে।










