বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সাবেক কাউন্সিলর ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন বিসিসির এক প্রকৌশলী।

বুধবার (৬ নভেম্বর) ১৯ জনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বিসিসির বর্তমান উপসহকারী প্রকৌশলী রেজাউল কবির। আদালতের বিচারক নুরুল আমিন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন— সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, তৎকালীন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, তৎকালীন নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আনিসুজ্জামান, বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা, উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস, শ্রমিক লীগ নেতা রইচ আহমেদ মান্না, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিমসহ আরো কয়েকজন।

বাদী রেজাউল কবির বলেন, ‘২০১৮ সালের ২৬ ডিসেম্বর বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে বিসিসির পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চলছিল। তখন ড্রেনের ময়লা ছিটকে সাবেক মেয়র সাদিকের গায়ে লাগে। এজন্য সবার সামনে প্রকাশ্যে সাবেক মেয়র সাদিক ও তার অনুসারীরা আমাকে মারধর করেছে। ওই ঘটনার বিচার চেয়ে আমি মামলাটি দায়ের করেছি।’