দিনাজপুর সদরের তাজপুরের সরকার পাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজনই মাদক ব্যবসায়ী, তারা উভয়ই মাদক মামলার আসামি।
গতকাল রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলা শহরের লাইনপাড়া সিপাহীপাড়া এলাকার মনসুর আলীর ছেলে আবুল কাশেম ওরফে কাইশ্যা (৩৪) এবং দক্ষিণ বালুবাড়ি এলাকার শেখ রহমানের ছেলে রহমত আলী (৩৫)।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, সদর উপজেলার তাজপুর গ্রামের নওশন দিঘী এলাকায় রোববার গভীর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
তিনি বলেন, গতরাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিতে ওই দুই মাদক বিক্রেতা নিহত হন।
এসময় গোলাগুলিতে পুলিশেরও দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।









