চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস। এ উপজেলায় রয়েছে ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভা। উপজেলার প্রায় ৮০ ভাগ মানুষ মধ্য ও নিম্নবিত্তের। তাই কোনো রোগে আক্রান্ত হলে ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অথচ জনবল সংকটে এখানে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৯০টি পদের মধ্যে ১০১টি শূন্য। খালি রয়েছে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছয়টি জুনিয়র কনসালট্যান্ট পদ। ৫০ শয্যাবিশিষ্ট এ সরকারি হাসপাতালে নেই নিরাপত্তা প্রহরী ও ওয়ার্ড বয়। ফলে দরিদ্র রোগীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চর্ম ও যৌন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থো সাজারি ও চক্ষু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট পদ শূন্য রয়েছে। সিনিয়র স্টাফ নার্সের ২০টি পদের মধ্যে চারটি শূন্য। নেই সহকারী নার্স, প্রধান সহকারী, হিসাবরক্ষক, ভাণ্ডার রক্ষক, ক্যাশিয়ার, পরিসংখ্যানবিদ। এছাড়া শূন্য তিনটি মেডিকেল টেকনোলজি পদ। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ১৭টি পদের মধ্যে ১০টি খালি। নয়টি ফার্মাসিস্ট পদের মধ্যে খালি সাতটি। ৭৪টি স্বাস্থ্য সহকারী পদের মধ্যে রয়েছে ৪৮ জন। নয়জন অফিস সহায়কের মধ্যে রয়েছে মাত্র দুজন। এছাড়া শূন্য রয়েছে দুটি আয়া, তিনটি পরিচ্ছন্নতাকর্মী, দুটি নিরাপত্তাকর্মী ও দুটি ওয়ার্ড বয়ের পদ। সর্বমোট ২৯০টি পদের মধ্যে শূন্য ১০১টি।

উপজেলার পূর্ব হিঙ্গুলী গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা চর্ম রোগী সরওয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন হাতে চর্ম রোগে ভুগছেন। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন চর্ম রোগের ডাক্তার নেই। তাই বাধ্য হয়ে বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন।

এভাবে ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে একসঙ্গে এতগুলো পদ খালি থাকায় প্রতিনিয়ত রোগীদের বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে। আর গুনতে হচ্ছে মোটা অংকের টাকা।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রগুলোর অধিকাংশে নেই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রের ১৭টি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মধ্যে শূন্য রয়েছে ১০টি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানূর রহমান জানান, গুরুত্বপূর্ণ খালি পদে ডাক্তার নিয়োগ দেয়ার জন্য সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।