বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় হেলিকপ্টার থেকে কেবল না, র্যাব সদস্যরা কোনো গুলিই করেনি। হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে গতকাল এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
যদিও সরকার পতনের আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, এমন অভিযোগ ছিল। সরকার পতনের পর এ অভিযোগে মামলাও হয়েছে একাধিক। ছাত্র-জনতার আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল কিনা এমন প্রশ্নে মুনীম ফেরদৌস বলেন, ‘র্যাবের সদস্যরা ছাত্র-জনতার ওপর কোনো গুলি চালায়নি। হেলিকপ্টার থেকে কেবল টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এ রকম কোনো ভিডিও নেই। আপনাদের কারো কাছে যদি গুলি করার কোনো ভিডিও থাকে, আপনারা সেগুলো দিলে র্যাব তা যাচাই করবে। অনেক বাহিনী ও সংস্থার অনেক সদস্য পালিয়ে গেলেও র্যাবের কেউ কোথাও পালায়নি।’










