টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর সড়কের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম।
তিনি জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। ভোর সাড়ে চারটার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করেন।
এদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিদায় করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।










