নভেল করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে কোনোভাবেই চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশী যাত্রীদের পারাপারের মাধ্যমে দেশে প্রবেশ করে সংক্রমিত করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস ও জেলা প্রশাসন খালেদ মোহাম্মদ জাকী।
গতকাল দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শনে এসে তারা এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় প্রথমেই তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরার বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সহিত ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে বৈঠক করেন।










