পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লাট চালু করা হয়েছে। গতকাল দুপুরে হাসপাতাল চত্বরে নবনির্মিত এ প্লান্টের
উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। এ সময় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান, পৌরমেয়র জাকিয়া খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহানসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জনের অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১০ হাজার লিটার অক্সিজেন সরবরাহের ক্ষমতাসম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্টটি নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। এ প্লান্টের মাধ্যমে একসঙ্গে ১০০ রোগীকে অক্সিজেন দেয়া সম্ভব হবে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, করোনা আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন সরবরাহ। এখন থেকে করোনা রোগীরা পঞ্চগড়ে অক্সিজেন সুবিধা পাবেন। এছাড়া শ্বাসকষ্টের রোগীরাও এ সেবার আওতায় আসবেন।









