আগামী বছর অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক আয়োজন হিসেবে বর্ণনা করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। তিনি জানান, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জার্মান রাষ্ট্রদূত।

রুডিগার লটজ বলেন, আগামী বছর বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে, যা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক আয়োজন হিসেবে বিবেচিত হতে পারে। এ দেশের প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার রয়েছেন, যারা তাদের মতামত প্রকাশের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশটি আবারো এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের অঙ্গনে জায়গা করে নিতে পারবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এ বিশাল প্রস্তুতিমূলক কাজের ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি দেখিয়েছে। কমিশন ও বাংলাদেশের জনগণ গণতন্ত্রে আরো দৃঢ়ভাবে ফিরে আসার পথে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, জার্মানি একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে, যেখানে সব রাজনৈতিক দল অংশ নেয়ার সুযোগ পাবে।