রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বামনারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, তারা সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পায়। পরে ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম ইনচার্জ রজনী আক্তার জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে সম্পূর্ণ আগুন নির্বাপন করতে সময় লাগে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত। এ সময় অলি মাতবরের বস্তির অন্তত ৩০টি ছোট ঘর পুড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।