গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর বংশাল, ময়মনসিংহ, কুড়িগ্রাম, দিনাজপুর, মাদারীপুর ও নারায়ণগঞ্জে আরো সাতজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গাজীপুর: টাঙ্গাইলের সখীপুর উপজেলার মো. মামুন কুয়েত যাওয়ার উদ্দেশে শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা দেন। চালক ছাড়াও মামুনের তিন বন্ধু ছিলেন প্রাইভেট কারে। রাতে বিমানবন্দরে মামুনকে নামিয়ে দিয়ে তারা বাড়ি ফিরে আসছিলেন। পথে কালিয়াকৈরের সূত্রাপুরে একটি সিএনজি স্টেশন থেকে গাড়িতে গ্যাস ভরা হয়। সেখান থেকে প্রাইভেট কারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের যাত্রীবাহী বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিন বন্ধু মারা যান। নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরেরবাড়ীর মুসলেম উদ্দিন (৩০), সখীপুর উপজেলার আনধি এলাকার নাসির উদ্দিন (৩২) ও একই গ্রামের জুয়েল মিয়া (৩২)। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আজিজুল হক (৩০)। নাওজোর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা: রাজধানীর বংশাল থানার সামনে তানজিল পরিবহনের বাসের ধাক্কায় আবুল কালাম (৬০) নামে একজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পথচারী ইসমাইল হোসেন জানান, বংশাল থানার সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পকেট থেকে তার পরিচয়পত্র পাওয়া গেছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
ময়মনসিংহ: নান্দাইলে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার রাত ১০টার দিকে পুরনো বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নান্দাইল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হেকিমের ছেলে অটোরিকশাচালক রহমত উল্লাহ (৪৫) ও ঝালুয়ার আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ (২২)।
কুড়িগ্রাম: দাঁড়িয়ে থাকা বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. শামসুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সঙ্গে থাকা বড় ভাই মো. আবুল কাশেম (৪০)। গতকাল সকালে পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা।
দিনাজপুর: চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় আনিছুর রহমান (৪০) নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরের কলেজ মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান চিরিরবন্দর উপজেলার মানু মাস্টারপাড়ার শওকত আলীর ছেলে।
মাদারীপুর: জেলার ডাসারে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার উত্তরখিল গ্রামের বৈষ্ণব বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন ঘরামী (৩৩) বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।
নারায়ণগঞ্জ: ফতুল্লায় গাড়িচাপায় মো. রওশন মণ্ডল (৪০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারীতে এ দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রওশন মণ্ডল পাবনা সদর থানার চর আশুতোষপুরের মৃত পাসান মণ্ডলের ছেলে।










