পুলিশের এলিট ফোর্স র‍্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশীদ। গতকাল র‍্যাব ফোর্সেসের দশম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে তিনি সদ্যবিদায়ী র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। খুরশীদ হোসেন গতকাল থেকে সরকারি চাকরি থেকে অবসরে যান।

দায়িত্ব গ্রহণের পর র‌্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানান।