ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পাশাপাশি তার পরিবারকে জীবনযাপনের জন্য নগদ আরো এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের পক্ষ থেকে হাদির পরিবারকে মোট দুই কোটি টাকা দেয়ার এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে দুটি ব্যাপার হয়েছে। এক, অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে এক কোটি টাকা দেয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। আরেকটা হলো, নগদ এক কোটি টাকা আলাদাভাবে দেয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দফতর থেকে। এটা তাদের জীবিকা নির্বাহের জন্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়।

গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।