মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘রাজনীতিকরা নীতিনির্ধারণ করেন। কিন্তু কোনো রাজনীতিক নেই, যার কাছে গেলে জনগণের ভাবনার কথা বলা যাবে এবং সেটি বাস্তবায়ন হবে। তাদের সদিচ্ছার অভাব রয়েছে। যদি রাজনীতিকরা নির্বাচনকে নির্বাচন মনে করেন, তাহলে নির্বাচনের আগে হয়তো আমাদের একটা সুযোগ থাকলেও থাকতে পারে। সে সময় রাজনীতিকরা ভোট চাইলে জনগণের ভাবনার বিষয়টি জানাতে হবে।’
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল বিকালে সিলেটে আয়োজিত ‘হাওর টিলা বন রক্ষা করে পর্যটক’ শীর্ষক নাগরিক ভাবনা আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ওয়াটারকিপারস বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের জোর বাড়াতে হবে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, ‘জনগণের পক্ষ থেকে একটি কার্যপত্র তৈরি করতে হবে। যাতে আমরা রাজনীতিক কিংবা নীতিনির্ধারকদের কাছে দফায় দফায় দাবি উপস্থাপন করতে পারি। রাজনীতিকদের সদিচ্ছা আদায় করে নিতে হবে।’
অনুষ্ঠানে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি জেরিনা হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল এবং বিশেষ অতিথি ছিলে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক।









