ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে করে প্রত্যেকের বিভাগীয় শহরে পৌঁছে দেয়া হয়েছে। লকডাউনে আটক পড়া শিক্ষার্থীদের সুবিধার্থে এ কার্যক্রম চালু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৫ টি বাস ৮ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে রওনা দেয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো: আরিফুর রহমান বণিক বার্তাকে বলেন, এজন্য বিভাগভিত্তিক শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ, বাসের রুট ও শিডিউল প্রস্তুত করাসহ নানাবিধ কাজ করতে হয়েছে।

পরিবহন দপ্তরসূত্রে জানা গেছে, ১৫টি মধ্যে অর্ধেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস, অন্যগুলো ভাড়া করা বাস।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের অভিভাবক। অভিভাবকের অন্যতম দায়িত্ব সন্তানদের খোঁজ খবর রাখা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেছে।

মানবিক এ ব্যবস্থাটি গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রসঙ্গত, সদ্য ঘোষিত লকডাউনের আগে সারাদেশ থেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসেন। তারা স্ব স্ব বিভাগের অর্ন্তগত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালীন লকডাউনের ঘোষণা আসায় পরীক্ষা বন্ধ হয়ে গেলে তারা আটকে পড়েন।