বান্দরবানে পাইক্ষ্যং সেতু ভেঙে ট্রাক ঝিরিতে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালক আব্দুল গফুর (৫৫) ঘটনাস্থলেই মারা যান। গতকাল দুপুর ১টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ম্রুংগৌ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ভেঙে  পড়ায় বান্দরবান-রুমা সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

প্রত্যক্ষর্শীরা জানায়, গতকাল দুপুর ১টার দিকে বান্দরবানের দিক থেকে চাল বোঝাই একটি ট্রাক আসে। ট্রাকটি পাইক্ষ্যং সেতু পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে। এতে ৩০-৪০ ফুট নিচে গিয়ে গাড়িটি আছড়ে পড়ে। বেশির ভাগ চালের বস্তা ফেটে চাল ছড়িয়ে-ছিটিয়ে গেছে।

ট্রাকে থাকা চালগুলো ভিজিডির চাল বলে নিশ্চিত করেছেন বান্দরবানের খাদ্য পরিদর্শক হীরা লালা তঞ্চঙ্গ্যা। তিনি জানান, ট্রাকটিতে প্রায় পাঁচ টনের মতো চাল ছিল।

বান্দরবান সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, নব্বইয়ের দশকে জেলা শহর থেকে ৩২ কিলোমিটার দূরে বান্দরবান-রুমা সড়কের পাইক্ষ্যং ঝিরির ওপর নির্মাণ করা হয় সেতুটি।

সেতু ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সওজ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী। তিনি বণিক বার্তাকে জানান, বান্দরবান-রুমা সড়কের বরাদ্দ সওজ বান্দরবানের নামে দেয়া হয়। তবে কাজ বাস্তবায়ন করছে ২০ ইসিবি।

ইসিবি জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। শেষ হলে জানা যাবে সড়কটিতে সরাসরি যান চলাচল করতে কত দিন লাগবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ম্রুংগৌ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির সিকদার। তিনি বণিক বার্তাকে জানান, ঘটনাস্থল থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।