দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক তরুণ। গতকাল সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১০টায় উপজেলার গোলাপগঞ্জ-লাটের হাট সড়কের মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার মাদরাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই তরুণের নাম লক্ষী রায় (২৫) এবং উজ্জ্বল রায় (২৮)। এ ঘটনায় আহত হয়েছে তাদের প্রতিবেশী পলাশ রায় (২৪)। নিহত লক্ষী রায় উপজেলার সাতোর ইউনিয়নের পূর্ব ডাকেশ্বরী গ্রামের বিশ্বনাথ রায়ে ছেলে এবং উজ্জ্বল রায় একই গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে। আহত পলাশ রায় একই গ্রামের ভৈরব রায়ের ছেলে।

সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শেখ জানান, সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাটে কালিপুজার দাওয়াতে যায় এই তিন তরুণ। সেখান থেকে  বাড়ি ফেরার পথে মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার মাদরাসা সংলগ্ন এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তিনজনই। তাদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে প্রফুল্ল রায় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লক্ষী রায় মারা যায়।

পলাশ রায় মুমূর্ষু অবস্থায় এখনো দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।