বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি নষ্ট করতে কোনো অপশক্তির চেষ্টা সফল হবে না। আজ রাজধানীর স্বামীবাগ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মতো সাম্প্রতিক সম্প্রীতির দেশ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নাই। বর্তমানে দেশে সাম্প্রদায়িক বিভেদ নাই কিন্তু একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এতে লাভ হবে না।
একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন সময় দেশে সাম্প্রদায়িক অসম্প্রীতির ধোঁয়া তোলার চেষ্টা করেছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে সফল হবে না বলে তিনি জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকারের একটাই উদ্দেশ্য দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন করা।
ইসকন স্বামীবাগ মন্দিরের সভাপতি ভক্তিময়ী নিতাই স্বামী মহারাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার-সহ আরো অনেকে।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের সবাই তাদের মর্যাদা নিয়ে বসবাস করবে। শান্তিতে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এটিই বর্তমান সরকারের লক্ষ্য।
বিজন কান্তি সরকার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে দেশ গড়তে হবে। এখানে কোনো বিভেদ থাকবে না। দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করবে।










