রাঙ্গামাটির নানিয়ারচর পর্যন্ত ২০ কিলোমিটার মাটি কেটে চলাচলের সড়ক তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। কাজটি শেষ হলে রাঙ্গামাটি শহরের সঙ্গে সড়ক পথে যুক্ত হবে কাপ্তাই হ্রদবেষ্টিত লংগদু উপজেলা। গতকাল সকালে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কে মাটি কাটার কাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে ইসলামাবাদ থেকে শুরু করে নানিয়ারচর সীমানা পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক তৈরির উদ্যোগ নেয়া হয়। মাটি কাটার জন্য সড়ক ও জনপথ (সওজ) রাঙ্গামাটি বিভাগ একটি বুলডোজার ও এক্সক্যাভেটর দিয়েছে।

লংগদুর মাইনিমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল জানান, আপাতত মাটি কেটে রাস্তা করে দেয়া হবে। রাস্তা তৈরির সময় লংগদু জোনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা করা হবে। ইউনিয়ন পরিষদের নামে বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ থেকে একটা অংশ রাস্তার কাজে ব্যয় করা হবে। এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেয়া হবে।