দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে বরিশাল, মৌলভীবাজার, শরীয়তপুর, চট্টগ্রাম, মেহেরপুর ও লালমনিরহাটে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বরিশাল: জেলার মুলাদী উপজেলার নোমরহাট বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বপন ভূঁইয়া (৩০) ও কাওসার হোসেন (২৫)। তারা দুজনই অটোরিকশাচালক ছিলেন বলে জানিয়েছেন মুলাদী থানার ওসি জহিরুল আলম।

মুলাদী থানার ওসি জানান, শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটলেও পরিবার বা হাসপাতাল থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়নি। তবে তারা নিজস্ব মাধ্যমে শনিবার বিষয়টি নিশ্চিত হয়েছেন। তারা তিনজন মিলে একটি মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছিলেন। মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজারসংলগ্ন একটি ব্রিজের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় সড়কের পাশে থাকা কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বপন ভূঁইয়া (৩০) মারা যান। আহত বাকি দুজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাত ১১টার দিকে কাওসার হোসেন মারা যান।

মৌলভীবাজার: কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হামদান সোহাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরো দুজন আহত হয়েছেন। গতকাল সকালে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাম মৌলভীবাজারের কাগাবলার বদরুল ইসলামের ছেলে। আহতরা হলেন সদর উপজেলার মুসলিমবাগের নূরে আলমের ছেলে নাসির আহমেদ (১৮) ও বড়মণ্ডল সমপাশির মঈন উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (২০)। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীয়তপুর: সখিপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে অটোরিকশাচাপায় হুমায়রা নামে (৭) এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতিখার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা ওই এলাকার সৌদিপ্রবাসী ফারুক কাজীর মেয়ে।

চট্টগ্রাম: মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে ইপিজেড থানার ফ্রিপোর্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে পতেঙ্গার দিক থেকে মোটরসাইকেল করে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

মেহেরপুর: মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার রাজনগরে এ দুর্ঘটনা ঘটে। নাহিদুজ্জামান রাজনগর মোল্লাপাড়ার সামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট: হাতীবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে ফিরোজ হোসেন (৫৫) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কালভৈরব বাজারের তেঁতুলতলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ হোসেন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যকাদমা গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।