করোনার সংক্রমণ রোধে
এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এরই অংশ
হিসেবে মসিক নিয়ন্ত্রিত পার্কগুলোতে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। মঙ্গলবার দুপুরে নগরীর জয়নুল আবেদিন
পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এ সময় তিনি ১১ মামলায় ১১৫০ টাকা জরিমানা
করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর সচিব রাজীব কুমার সরকার জানান, পার্কগুলোতে কেউ মাস্ক ছাড়া ঢুকতে পারবে না। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মসিক সচিব আরও জানান, করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ বিষয়ে সিটি মেয়রের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনটি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করেছে।
এদিকে চরপাড়া, ভাটিকাশর ও ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। তিনি ১১ মামলায় জরিমানা করেন ৬ হাজার ৫০০ টাকা।
করোনা সংক্রমণ রোধকল্পে এ অভিযান অব্যাহত থাকবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।










