চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ১ম পত্রের বিপরীতে ভুলবশত পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিজয় স্মরণী ডিগ্রী কলেজ কেন্দ্রে সকালে পরীক্ষার প্রশ্ন দেয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা দায়িত্বরত শিক্ষকদের বিষয়টি জানালে সেই প্রশ্ন ফেরত নিয়ে দুই ঘণ্টা পর পুনরায় ১ম পত্রের প্রশ্ন দেয়া হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. রফিকুল ইসলাম জানান, সকালে একটি কলেজে ভুল প্রশ্ন দেয়ায় সমস্যা হয়। যদিও পরীক্ষার শুরুতে নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্ন ঠিক ছিল। লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন দেয়ার সময় এ ভুল দেখা যায়। পরে শিক্ষার্থীরা বিষয়টি আমাদের জানালে আমরা শিক্ষাবোর্ড এবং জেলা প্রশাসককে জানাই। শিক্ষাবোর্ডের পরামর্শে দ্রুত সময়ে ২য় পত্রের প্রশ্ন তুলে নিয়ে ১ম পত্রের পরীক্ষা শুরু করতে বলা হয়। এ ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।