ভিক্ষা নয়, কর্মের মাধ্যমে স্বাভাবিক জীবন চায় কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষ। করোনাকালে অসহায় জীবনযাপন করা এসব মানুষ চায় সামাজিক মর্যাদা ও কর্মক্ষেত্রে স্বাভাবিক জীবন। এ পরিস্থিতিতে তাদের কর্মমুখী পরিবেশে সম্পৃক্ত করতে নেয়া হয়েছে উদ্যোগ।
স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডি (অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট) তাদের ব্যবসায় যুক্ত করতে উপকরণসহ দোকানঘর তৈরি করে দিয়েছে। আর পণ্য বিক্রির মাধ্যমে শুরু হয়েছে তাদের নতুন কর্মক্ষেত্র।
গতকাল সকালে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিলুফা সুলতানা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম ফেরদৌস, সদর ইউএনও রাসেদুল হাসান, এএফএডির প্রধান নির্বাহী সাঈদা ইয়াসমিন রুপা, তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবু আজাদ রানা প্রমুখ।









