পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাটকা নিধন অভিযানে কোস্টগার্ড, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ মামলা দায়ের করা হয়। 

মামলার বাদী জেলার মঠবাড়িয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের মোহাব্বত আলীর ছেলে মোতালেব হাওলাদার (৫৫), আব্দুল আজিজের ছেলে জসিম (২৮) ও শাহীন (পিতা অজ্ঞাত)। এছাড়া ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা জেলে ও গ্রামবাসীকে আসামি করা হয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এবং কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে জাটকা ও ছোট পোনা মাছ নিধন বিরোধী অভিযানে যান। এসময় বলেশ্বর নদীতে জাটকা ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের জাল আটক করা হয়।  জাল আটক করে ফেরার সময় ভান্ডারিয়ার হরিণপালা ও মঠবাড়িয়ার তুষখালী খালের মোহনায় মাছ শিকার করে জেলেরা জাল লুকানোর সময় কোস্টগার্ড সদস্যরা তাদের আটকের চেষ্টা করে। 

এসময় ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় জেলেরা দেশীয় অস্ত্র রামদা, শুড়কি, বল্লম নিয়ে তাদের উপর হামলা চালাতে গেলে কোস্টগার্ড জেলেদের উপর গুলি চালায়। এ সময় প্রায় সাড়ে ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক করা হয়। আটক করা জালের মধ্যে কারেন্ট জাল, বাধা জাল, বেরা জাল রয়েছে। পরে ওই সব জালে অগ্নিসংযোগ করা হয়।

তবে জাল লুকানোর বিষয়টি অস্বীকার করে তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার জানান, তেলীখালী হরিণপালা এলাকায় জেলেদের বাড়ির সামনে জাল শুকানোর সময় কোস্টগার্ড জাল আটকের চেষ্টা করে। এসময় তাদের সাথে জেলেদের বাগবিতন্ডা হয়। পরে কোস্টগার্ড তাদের উপর গুলি চালালে মো. মোতালেব (৫৫), হাজেরা বেগম (৬০) ও শাহিন (২৫) নামের তিন জেলে আহত হন। এসময় লাঠির আঘাতে জসিম (২৪), সাদ্দাম (২৫), তহমিনা (৪৫), শাহনাজ (২০), সেলিম  (২২), হেলাল (১৮) ও হেলালসহ (৩৫) আরো কয়েকজন আহত হন।

ভান্ডারিয়ার তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. নূর আমিন জানান, ঘটনাস্থল থেকে ৬টি চাইনিজ রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছিল।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, মামলায় মৎস্য সংরক্ষণ ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।