বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় কসোভোর রাষ্ট্রদূত এবং বিএসটিআই মহাপরিচালক উভয় দেশের জাতীয় মান সংস্থাগুলোর কার্যক্রম ও কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তারা পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে মান সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

আলোচনায় দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, মান সনদের পারস্পরিক স্বীকৃতি ও মান নির্ধারণ প্রক্রিয়ায় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে বিস্তারিত আলাপ হয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরো সহজ ও গতিশীল করবে।

বিএসটিআই মহাপরিচালক রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং মান ও মানদণ্ড প্রণয়ন, পরিমাপবিদ্যা এবং টেস্টিং ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নে বিএসটিআইয়ের বর্তমান উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।