পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় গতকাল বিশ্বনাট্য দিবসে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন করেছেন। দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় নাট্য সংগঠন ভূমিজ।

মানববন্ধনে ভূমিজের উপদেষ্টা ও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  আবু তোয়াবুর রহমান, বেসরকারি সংস্থা পরস্পরের  নির্বাহী পরিচালক আক্তারুন্নাহার সাকি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় শাখার আহ্বায়ক আনোয়ারুল ইসলাম খায়ের, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, ভূমিজ নাট্যদলের  সভাপতি সরকার হায়দার, বাংলাদেশ যাত্রা ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী ১৯৭২ সালে কলকাতা সফরের সময় বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। কিন্তু স্বাধীনতার ৫০ বছর হলেও সে স্বপ্ন আজও পূরণ হয়নি। দেশে সঠিকভাবে সাংস্কৃতিক চর্চা না হওয়ার কারণে বেশির ভাগ তরুণ বিপথগামী হচ্ছে। আমরা চাই সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় অতি দ্রুত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। এর আগে একই দাবি নিয়ে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শোভাযাত্রা করেন সাংস্কৃতিক কর্মীরা।