ফেনীতে নিজ দলীয়দের পিটুনীতে আহত হওয়ার পর বেলাল হোসেন (৫০) নামের এক বিএনপি কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত বেলাল হোসেন ওই উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নে প্রতাপপুর গ্রামের খলিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, স্থানীয় আবদুল গফুরের ছেলে বিএনপি কর্মী খুরশীদ আলমের সঙ্গে বেশ কিছুদিন ধরে তার বাবার বিরোধ চলে আসছিল। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুরশিদ, মজল হক, বিপ্লব ও শামছুদ্দিনসহ কয়েকজন তার বাবাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফের অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে উপজেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বাবার হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধ থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, বিএনপি কর্মী বেলালকে পিটিয়ে আহত করার পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির দায়িত্বে ছিলেন। কী কারণে তাকে পেটানো হয়েছে বিষয়টি আমি বিস্তারিত জানিনা। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান হাসপাতাল ও স্থানীয়দের ভাষ্য উল্লেখ করে বলেন, নিহত বেলাল দীর্ঘদিন মানসিক সমস্যায় আক্রান্ত ছিল। সোমবার বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে খোরশেদ, বিপ্লব ও শামছুদ্দিন নামের কয়েকজন মারধর করলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। বুধবার তাকে গ্যাসট্রিক, ফুসফুস ও পাইলসের সমস্যার চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।