জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতকে সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশনের জন্য সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন)নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত হওয়ার পর সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে মুহাম্মদ আবদুল মুহিত বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উদ্ভাবনী উপায়ে টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশের অনন্য সাফল্যের স্বীকৃতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে আস্থা অর্জন করেছে তারই প্রতিফলন।
দ্বিতীয় কমিটিতে আলোচনা এবং ঐকমত্য-নির্মাণে বাংলাদেশের নেতৃত্ব দেশটিকে বৈশ্বিক নীতি ও উদ্যোগ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম করবে বলে মনে করেন মুহিত।
দ্বিতীয় কমিটি জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি, যা জাতিসংঘের অর্থনৈতিক, আর্থিক ও পরিবেশগত প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম তদারকি করে। এই কমিটি আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, সাউথ-সাউথ কো-অপারেশন, কিছু দেশের বিশেষ পরিস্থিতি, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিষয়সমূহ এই কমিটির আওতাধীন।










