প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশ কোটি টাকার মালিক। হেলিকাপ্টার ছাড়া চলে না।’ রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। শুরুতে চীন সফর নিয়ে তিনি লিখিত বক্তব্য তুলে ধরেন। পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোন ড্রাইভার কত টাকা বানাল, কে কী বানাল- সেটার খোঁজ করে আজ ধরছি বলেই জানতে পারছেন। এতকাল তো বলতে পারেননি। এতকাল তো জানতে পারেননি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশ’ কোটি টাকার মালিক! হেলিকাপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানাল এই টাকা? যখনই আমি জেনেছি, তখনই তাকে বাদ দিয়ে তার কার্ড-টার্ড সব সিজ করে ব্যবস্থা আমি নিয়েছি। এটা তো হয়, এটা তো করে! ধরার পর এগুলো চোখে আসে। তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখনই আমরা ব্যবস্থা নিই।’

প্রধানমন্ত্রী বলেন, আমি কঠোর হয়েছি বলেই ধরা (দুর্নীতিবাজরা) পড়ছে। এটা মাথায় রাখতে হবে। এ ব্যবস্থা অব্যাহত থাকবেই। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের ইমেজ নষ্ট হবে- আমি এটা বিশ্বাস করি না।

সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা তার সরকারের  জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, একটা তো.. চট করে হবে না। এটা দীর্ঘদিনের সমস্যা। এ সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল সেটা আমরা করেছি। এখন দুর্নীতি- যেটা আমার জিরো টলারেন্স ঘোষণা আছে। আমরা ধরছি। আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন। খোঁজ না করলে তো জানা যেত না। এভাবেই চলতো। কারণ এভাবেই চলছিল। এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ব্যবস্থা অব্যাহত থাকবেই। এখানে কোন দ্বিধা নেই।

তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে, এটা ধরলে আমার সরকারের ইমেজ নষ্ট হবে। আমার দায়িত্বই হচ্ছে- যে সমস্ত অনিয়ম আছে সেটা ধরে একটা জায়গায় দেশকে নিয়ে আসা। সুষ্ঠু ধারায় নিয়ে আসা। সেটা আমার করার পদক্ষেপ নিয়েছি। সেটা অব্যাহত থাকবে।

বিসিএসের ফাঁস হওয়া প্রশ্নপ্রত্রে যারা উত্তীর্ণ হয়ে চাকরি করছেন, খুঁজে বের করা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নেব না কেন? তাদের তো চাকরি করার অধিকারই থাকবে না। এখন সেটা খুঁজে দেবে কে? ওরা যদি বলতে পারে যে, অমুকের কাছে বিক্রি করেছে— তখন প্রমাণ করতে পারলে সেটি দেখা যাবে।