সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. মো. রায়হান শরীফ গ্রেফতার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক এ সময় তিনি খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন। সিরাজগঞ্জ শহীদ এম এনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার তদন্ত কমিটি সিরাজগঞ্জে এসে কাজ শুরু করেন। গত সোমবার বিকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে শ্রেণীকক্ষে গুলি করেন শিক্ষক ডা. রায়হান শরীফ।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। একই দিন রাতে তার বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরো একটি মামলা করে পুলিশ।










