দিনাজপুর: ঘোড়াঘাট পৌরসভার জমিলাপুর এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তাদের ১২ বছরের মেয়ে নুসাইফা আক্তার। দুর্ঘটনায় মেয়েটির বাবা গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা ও সম্পার বাবা মোটরসাইকেলে করে বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। জমিলাপুর এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ: রায়গঞ্জে বালিবাহী ১০ চাকার ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়ির সহকারী রায়হান আহত হন। নিহত শরিফুল যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। সকালে নূর পাম্প এলাকায় বেপরোয়া গতির ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।










