সারা দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও দিনাজপুরের হিলিতে টিসিবির পণ্য ক্রয়-বিক্রয়ে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। সকাল থেকে দীর্ঘলাইনে দাঁড়িয়ে মানুষ পণ্য ক্রয় করছে। কিন্তু এ সময় সামাজিক দূরত্ব মানা হয়নি।
গতকাল সরেজমিন হিলি বাজারে অবস্থিত টিসিবির ডিলারের ঘর ঘুরে দেখা গেছে, টিসিবির পণ্য কিনতে নারী-পুরুষরা আলাদা আলাদা লাইনে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে তাদের। এ সময় অনেক ক্রেতার মুখেই মাস্ক ছিল না। এমনকি বিক্রেতারাও মাস্ক না পরেই পণ্য বিক্রি করছেন।
হিলি বাজারে টিসিবির ডিলার আলম হোসেন বলেন, আমরা সরকারের নির্দেশনা মোতাবেক টিসিবির পণ্য বিক্রি করছি। পণ্য ক্রয় করতে আসা সবাইকে মাস্ক ব্যবহার করতে বলেছি। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে তিন ফিট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে বলেছি। কিন্তু পণ্য কিনতে আসা মানুষ কথা শুনছে না। এতে আমরা আর কী করতে পারি।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারে বাধ্য করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। টিসিবির পণ্য ক্রয়-বিক্রয়ে যেন স্বাস্থ্যবিধিসহ অন্যান্য সব ধরনের নির্দেশনা মানা হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










