‘অন্তর্ভুক্তিমূলক
উন্নয়নই বৈষম্য দূরীকরণের মূল শর্ত’ উল্লেখ করে জাতীয় সংসদের
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ব্র্যাক ব্যাংক
আয়োজিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিরীন
শারমিন চৌধুরী বলেন, জিএবিভিকে অবশ্যই
অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ নিশ্চিতকরণে কাজ করতে হবে। জিএবিভি নেটওয়ার্ক ব্যাংকিং
খাতে ইতিবাচক পরিবর্তন আনয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে
জিএবিভি কাজ করে যাচ্ছে।
তিনি আরও
বলেন,
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিল্প-কারখানা ও এ সম্পর্কিত স্টেকহোল্ডারদের অগ্রসর
ভূমিকা পালন করতে হবে এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে এ কাজগুলোকে
প্রভাবিত করা যেতে পারে।
স্পিকার বলেন, সর্বসাধারণের মঙ্গলের জন্য বিনিয়োগ করতে হবে। ব্যাংকিং
সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে নৈতিকতা, প্রচলিত আইন ও নীতিকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, তামাকের পরিবর্তে টিকা, জীবন রক্ষাকারী ঔষধ, নবায়নযোগ্য শক্তি
এবং জলবায়ু পরিবর্তনে বিনিয়োগ উদ্বুদ্ধ করতে হবে।
শিরীন শারমিন বলেন, আর্থিক খাতসমূহে
টেকসই উন্নয়ন ধারণা সরকারি বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে
পারে।
সানরাইজ
ব্যাংকসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও জিএবিভির সভাপতি ডেভিড রেইলিংয়ের
সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্র্যাক
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন। সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৩টি
দেশের জিএবিভি সদস্য, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।











