রংপুরের সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সঞ্জিত রায় (১৯) ও শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সঞ্জিত মোটরসাইকেল চালিয়ে বন্ধু গাড্ডুকে সঙ্গে নিয়ে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুই যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।










