চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে নতুন সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর চলতি বছরের ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিত্তিপ্রস্তর করবেন বলে জানিয়েছেন রেল সচিব মো. হুমায়ুন কবির।

শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রেল সচিব এসব কথা বলেন।

কালুরঘাট সেতু নির্মাণের বিষয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অংশীজন সভায় রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলসচিব মো. হুমায়ুন কবির বলেন, চট্টগ্রামের কালুরঘাটে নতুন সেতু নির্মাণে অর্থায়নে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হবে এবং দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে আগামী ডিসেম্বরে সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর করবেন বলে আশা করছি। এই কাজে সবার সহায়তা চাই আমরা।

উল্লেখ্য, বাংলাদেশ কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ অ্যাক্রোস দ্য রিভার কর্ণফুলী অ্যাট কালুরঘাট পয়েন্ট শীর্ষক প্রকল্পে ইডিসিএফ তহবিল থেকে ৭২ কোটি ৪৭ লাখ ডলার এবং ইডিপিএফ তহবিল থেকে ৯ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ।