মিরসরাইয়ে ফখরুল ইসলাম খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে ১৬ ভুক্তভোগী পরিবার। সম্প্রতি বারইয়ারহাট পৌর বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভুক্তভোগী আমির হোসেন দাবি করেন তাদের সামাজিক কবরস্থানের পাশে জায়গা ক্রয় করেন ফখরুল ইসলাম খান। জায়গা ক্রয়ের পর মাটি ভরাট করার সময় তাদের কবরস্থানটির অর্ধেক জায়গা দখল করে নেন তিনি। কবরস্থানের জায়গা দখলমুক্ত করতে বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হন। হিংগুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভুক্তভোগী জয়নাল আবেদীন দাবি করেন, তাদের এক একর ওয়ারিশি সম্পত্তি থেকে কিছু জায়গা ফখরুল ইসলাম খান ক্রয় করে পুরো সম্পত্তি দখল করে নিয়েছে। এসব বিষয়ে আদালতে মামলাও চলছে।

ভুক্তভোগী শাহরিয়ার চৌধুরী সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্যা চৌধুরী, প্রসার কান্তি বড়ুয়া, সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি শফিউল আলম, নির্বান সংঘের সভাপতি তানভীর হোসেন প্রমুখ।

অভিযোগের ব্যাপারে ফখরুল ইসলাম খানের ম্যানেজার জিয়াউর রহমান বলেন, ফখরুল ইসলাম খানকে হেয়প্রতিপন্ন করতে একটি মহল উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে এ মানববন্ধন করিয়েছে।